হরিশ্চন্দ্রপুর: ঘাস কাটতে গিয়ে দুই জায়ের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে। হাঁসুয়ার কোপে মৃত্যু হয়েছে চন্দ্রিকা মণ্ডল (৩৮) নামে এক মহিলার। গুরুতর জখম তাঁর জা রুম্পা। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে হরিশ্চন্দ্রপুরের দৌলতনগর লাগোয়া বিহারের আমদাবাদ থানার গোবিন্দপুর এলাকায়। অভিযোগ, ঘাস নিয়ে বাড়ি ফেরার সময় পিছন থেকে তাঁদের উপর হামলা চালানো হয়। প্রথমে চন্দ্রিকাকে হাঁসুয়া দিয়ে কোপানো হয়। পরে রুমার উপরও হামলা চালানো হয়। রুমা কোনওরকমে পালিয়ে বাড়ি পৌঁছন। তাঁকে মালদহ মেডিক্যালে ভর্তি করা হয়েছে। ঘটনায় আমদাবাদ থানায় খুনের মামলা হয়েছে। এখনও অধরা অভিযুক্ত। তাঁর গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার দৌলতনগর বটতলা মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ শুরু করেছেন স্থানীয়রা। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।







