রতুয়া: মালদহের রতুয়া-২ পঞ্চায়েত সমিতির দখল নিল কংগ্রেস। বুধবার নতুন সভাপতি নির্বাচনে জয়ী হয়ে ওই পঞ্চায়েত সমিতির দায়িত্বভার পেলেন কংগ্রেসের জিয়াউল হক। কংগ্রেসের ৮ জন, সিপিএমের ৩ জন এবং তৃণমূলের ৩ জন সদস্যের সমর্থনে সভাপতি নির্বাচিত হন তিনি। নতুন সভাপতি নির্বাচিত হতেই কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সভাকক্ষ থেকে সদস্যরা বেরিয়ে আসতেই আবির খেলায় মেতে ওঠেন তাঁরা। বুধবার পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি গঠনকে কেন্দ্র করে দিনভর ছিল উত্তেজনা।
উল্লেখ্য, রতুয়া-২ পঞ্চায়েত সমিতিতে মোট ২৪টি আসনের মধ্যে তৃণমূলের ১৩, কংগ্রেসের ৮ এবং সিপিএমের ৩ জন সদস্য ছিলেন। গত ৬ অক্টোবর অনাস্থা প্রস্তাবের মাধ্যমে তৃণমূলের সভাপতি মহম্মদ আমিরুদ্দিন অপসারিত হন। কংগ্রেস, সিপিএম এবং তৃণমূলের বিক্ষুব্ধ সদস্যদের সমর্থনে অনাস্থা প্রস্তাবটি কার্যকর হয়। এরপর বুধবার নতুন সভাপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়।
নবনির্বাচিত সভাপতি জিয়াউল হক বলেন, “কংগ্রেস, সিপিএম এবং তৃণমূলের সদস্যদের সমর্থনেই আমি সভাপতি হয়েছি। পঞ্চায়েত সমিতির আগের সভাপতির দুর্নীতির কারণেই তৃণমূলের তিন সদস্য আমাদের পক্ষে ভোট দিয়েছেন।”
নতুন সভাপতি নির্বাচনের মধ্য দিয়ে রতুয়া-২ পঞ্চায়েত সমিতিতে ক্ষমতার পালাবদল ঘটল। তৃণমূলের হাত থেকে সমিতির দখল কংগ্রেসের হাতে যাওয়ায় স্থানীয় রাজনৈতিক মহলে নতুন সমীকরণ তৈরি হল।







