চাঁচল: বয়স কম, কিন্তু শিল্পীসত্তায় খামতি নেই। নিজের হাতে মাটি দিয়ে চার ফুটের দুর্গাপ্রতিমা গড়ে তাক লাগিয়ে দিয়েছে সপ্তম শ্রেণির পড়ুয়া অঙ্কিত রায়। ডাকের সাজে সেজে উঠেছে দেবী দুর্গা, সঙ্গে লক্ষ্মী, গণেশ, কার্তিক ও সরস্বতী। চাঁচলের চণ্ডীগাছি গ্রামের কালীতলা এলাকায় খুদে শিল্পীর তৈরি প্রতিমা ঘিরে খুশির আবহ রায় পরিবারে।
চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের ছাত্র অঙ্কিতের বাবা কমল রায় কুরিয়ারকর্মী, মা গৃহবধূ। পরিবারের কেউ প্রতিমা তৈরির সঙ্গে যুক্ত নন। ছোটবেলায় মাটি নিয়ে খেলতে খেলতেই এই শিল্পের প্রতি ভালোবাসা জন্মায় তার। পুজোর আগে গ্রামে আসা কুমোরদের প্রতিমা তৈরির কাজ একমনে দেখেই শেখার চেষ্টা করত অঙ্কিত।
এবার প্রথম দুর্গাপ্রতিমা তৈরি করেছে সে। কাঠামো গড়া থেকে মাটি তৈরি, রং ও সাজসজ্জা—সবেতেই রয়েছে তার নিজের হাতের ছোঁয়া। মহাষষ্ঠী থেকে ওই প্রতিমাতেই পুজো হবে বাড়িতে। ছেলের প্রতিভায় গর্বিত বাবা কমলবাবু।







