মালদা, ১১ অক্টোবর: অপরাধ, দুর্ঘটনা কিংবা যে কোনও বিপর্যয়ের খবর পেলেই দ্রুত মানুষের পাশে পৌঁছে যেতে তৎপর মালদা জেলা পুলিশ। জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা ও সুরক্ষা আরও জোরদার করতে জেলায় চালু হল ১৪টি জরুরি পুলিশি সহায়তাকারী ভ্যান। রবিবার মালদায় আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার সূচনা হয়। জেলা পুলিশের এই উদ্যোগে জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি সহায়তা পাওয়ার পথ আরও সহজ হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, রাজ্যের প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু, বিধায়ক গোপালচন্দ্র সাহা ও রাজু কর্মকার, মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোনও এলাকায় অপরাধ, দুর্ঘটনা বা অন্য কোনও জরুরি পরিস্থিতি তৈরি হলে ১১২ নম্বরে ফোন করলেই সাহায্যের জন্য ছুটে যাবে পুলিশি সহায়তাকারী ভ্যান। ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছনোর লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এর ফলে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়া, বিপদে পড়া মানুষকে উদ্ধার ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা আরও সহজ হবে।
শনিবার কলকাতায় এই ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরদিন মালদার ১৪টি থানায় একটি করে ভ্যান চালু হওয়ায় জেলার জরুরি পুলিশি পরিষেবায় নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। বিপদের মুহূর্তে দ্রুত সাড়া দেওয়া এবং মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে জেলা পুলিশের এই উদ্যোগ বিশেষ গুরুত্ব বহন করছে।







