চাঁচল, ২৭ সেপ্টেম্বর: নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে জলমগ্ন বিস্তীর্ণ সবজি জমি। ফলে ফুলকপি থেকে বেগুন, মুলা, পটল—বিভিন্ন সবজির চাষেই বড়সড় ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। জমিতে জল দাঁড়িয়ে থাকায় গাছের বৃদ্ধি ব্যাহত হওয়ার পাশাপাশি পচন ধরার আশঙ্কাও করছেন চাষিরা। রতুয়া-১, রতুয়া-২, চাঁচল-১ ও চাঁচল-২ ব্লকের বিস্তীর্ণ এলাকায় একই পরিস্থিতি বলে জানা গিয়েছে।
খানপুরের একাধিক কৃষকের দাবি, এখনও পর্যন্ত চাষে খরচ হয়েছে প্রায় দেড় লক্ষ টাকা। কিন্তু টানা বৃষ্টিতে জমিতে জল জমে যাওয়ায় ফুলকপির গাছ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলন কমে গেলে চাষের খরচ তোলা তো দূরের কথা, ঋণের টাকা কীভাবে শোধ করবেন, তা নিয়েই দুশ্চিন্তায় তাঁরা।
স্থানীয় এক সবজি চাষি এমাদুর রহমানের দাবি, ফুলকপির পাশাপাশি মুলা, বেগুন, পটল-সহ একাধিক সবজির জমিতেও জল দাঁড়িয়ে রয়েছে। সময়মতো বৃষ্টি না থামায় জমি থেকে অতিরিক্ত জল বের করাও সম্ভব হচ্ছে না।
সামসির ভগবানপুরের বেগুন চাষি নাসিম আলম বলেন, “এবার বেগুনের ফলন ভালো হবে বলে আশা করেছিলাম। কিন্তু বৃষ্টিতে গাছের গোড়ায় জল জমে গাছ দুর্বল হয়ে পড়ছে। আরও বৃষ্টি হলে ফলন অনেকটাই কমে যেতে পারে।”
চাঁচল মহকুমা কৃষি দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, বৃষ্টিতে সবজি চাষে কোথায় কতটা ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হবে।







