মালদা: দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হতেই নিরাপত্তায় বাড়তি নজর মালদা জেলা পুলিশের। পুজোর ভিড় সামলানো থেকে অগ্নিকাণ্ড কিংবা অপ্রীতিকর ঘটনা—সবদিক মাথায় রেখে শহরের বড় বাজেটের পুজো মণ্ডপগুলিতে শুরু হয়েছে নিরাপত্তা পরিদর্শন।
শুক্রবার মালদা শহরের একাধিক নামী পুজো মণ্ডপ ঘুরে দেখেন জেলা পুলিশ সুপার অনুপম সিং-সহ পুলিশ আধিকারিকরা। শান্তি ভারতী পরিষদ, শিবাজী সংঘ, সর্বজয় ক্লাব-সহ বিভিন্ন মণ্ডপে গিয়ে প্রস্তুতির খুঁটিনাটি খতিয়ে দেখা হয়।
মণ্ডপে পর্যাপ্ত এক্সিট পয়েন্ট, সিসিটিভি ক্যামেরা এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে কি না, তা পরীক্ষা করেন আধিকারিকরা। দর্শনার্থীদের নিরাপদে যাতায়াতের ব্যবস্থাও খতিয়ে দেখা হয়। পাশাপাশি পুজোর দিনগুলিতে ডিজে ব্যবহার না করার বিষয়ে উদ্যোক্তাদের সতর্ক করা হয়েছে।
পুলিশের বার্তা স্পষ্ট—উৎসবের আনন্দে কোনওভাবেই যেন নিরাপত্তায় ফাঁক না থাকে। পুজোর দিনগুলিতে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে শহরজুড়ে আরও নজরদারি চালানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।







