মালদা, ২৪ সেপ্টেম্বর: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে সামনে রেখে প্রস্তুতি শুরু মালদা জেলা প্রশাসনের। পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় এবং সরকারি পরিষেবা আরও সহজে পৌঁছে দিতে প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হল বিশেষ বৈঠক। বৈঠকে পুজো সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি কমিটিগুলিকে ‘Sahaj Portal’ সম্পর্কে বিস্তারিত জানানো হয়।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, পুজো কমিটিগুলির বিভিন্ন সমস্যা বা অভিযোগ দ্রুত সমাধানের লক্ষ্যে একটি বিশেষ হেল্পলাইনও চালু করা হচ্ছে। এর মাধ্যমে পুজো কমিটিগুলি নিজেদের সমস্যা ও প্রয়োজনের কথা সরাসরি প্রশাসনকে জানাতে পারবে।
বৈঠকে উপস্থিত ছিলেন সেচ দফতরের প্রতিমন্ত্রী জয়েল মূর্মু, ইংরেজবাজারের বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক অম্লান ভাদুড়ী, জেলাশাসক রাজনবীর সিংহ কাপুর, পুলিশ সুপার অনুপম সিংহ-সহ প্রশাসনের আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা। পুজোর দিনগুলিতে যাতে নিরাপত্তা, পরিষেবা ও প্রশাসনিক সমন্বয়ে কোনও খামতি না থাকে, তা নিয়েও আলোচনা হয়।







