চাঁচল, ১৫ সেপ্টেম্বর: রাস্তার ধারে পড়ে থাকা ব্যাগ। আর সেই ব্যাগ খুলতেই মিলল সাপ রাখার বাক্স! ব্যস, মুহূর্তে বদলে গেল মালদার চাঁচল-আশাপুর রাজ্য সড়কের কলিগ্রাম দোসরকি এলাকার পরিবেশ। ব্যাগে সত্যিই সাপ আছে কি না, তা জানার আগেই আতঙ্কে কৌতূহলী হয়ে উঠলেন পথচারীরা।
মঙ্গলবার সকালে রাস্তার উপর একটি লাইলনের ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। প্রথমে সাধারণ ব্যাগ বলেই মনে হলেও পরে তার ভিতরে নজরে আসে সাপ রাখার বাক্স। আর তাতেই শুরু ‘সাপ-কাণ্ড’। বাক্স যখন আছে, সাপও কি আছে?—এই প্রশ্নেই তখন জল্পনা তুঙ্গে।
খবর ছড়িয়ে পড়তেই রাস্তার পাশে ভিড় জমে যায়। অনেকেই দূর থেকে ব্যাগের দিকে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। তবে ব্যাগের ভিতরে আদৌ কোনও সাপ ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
কে বা কারা ওই ব্যাগ রাস্তার উপর ফেলে গেল, তারও কোনও হদিশ মেলেনি। ফলে চাঁচলের রাস্তায় আপাতত প্রশ্ন একটাই—বাক্সে সাপ ছিল, নাকি শুধু সাপের বাক্স দেখিয়েই সবাইকে ‘ফোঁস’ করানো হল?







