মালদা: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল মালদা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় ১ কেজি ৮০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য ১৫ থেকে ২০ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে দাবি। ঘটনায় তাহির শেখ (২৫) ও শহীল শেখ (২০) নামে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ব্রাউন সুগার বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযানের সময় একটি চারচাকা গাড়ি আটক করে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই মাদক উদ্ধার এবং দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পাচারের কাজে ব্যবহৃত গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
ধৃতদের আদালতে পেশ করে পুলিশি রিমান্ডের আবেদন জানানো হয়েছে। মাদকের উৎস এবং এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।







