মালদহ: জনগণের কাছে প্রশাসনিক পরিষেবা আরও সহজলভ্য, দ্রুত ও জনমুখী করে তুলতে নতুন উদ্যোগ জেলা প্রশাসনের। এবার থেকে প্রতি শনিবার মালদহ জেলার বিভিন্ন সরকারি কার্যালয়ে অনুষ্ঠিত হবে “শনিবার শুনভাই—আপনার কথা, আমাদের কাজ” নামে সাপ্তাহিক গণশুনানি ও অভিযোগ-নিষ্পত্তি কর্মসূচি।
প্রতি শনিবার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েত কার্যালয়, পঞ্চায়েত সমিতি ও বিডিও কার্যালয় এবং পুরসভা কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। সরকারি পরিষেবা, বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প, নাগরিক পরিকাঠামো-সহ স্থানীয় নানা সমস্যা নিয়ে সাধারণ মানুষ সরাসরি তাঁদের আবেদন বা অভিযোগ জানাতে পারবেন।
অভিযোগ গ্রহণের জন্য প্রতিটি কার্যালয়ে রাখা হবে নির্দিষ্ট অভিযোগ বাক্স। গণশুনানি ও অভিযোগ বাক্সের মাধ্যমে পাওয়া প্রতিটি আবেদন নথিভুক্ত করে বিষয়ভিত্তিক শ্রেণিবদ্ধ করা হবে। এরপর গুরুত্ব ও অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোগ নিষ্পত্তির উদ্যোগ নেবে সংশ্লিষ্ট দফতর।
কোনও অভিযোগের ক্ষেত্রে উচ্চতর প্রশাসনিক পর্যায়ের হস্তক্ষেপের প্রয়োজন হলে, সেটি যথাযথ মন্তব্য-সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। পাশাপাশি অভিযোগের অগ্রগতি ও নিষ্পত্তি নিয়মিত পর্যালোচনার মাধ্যমে নজরদারি করা হবে।
এই কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে মাইকিং, স্থানীয় প্রচার এবং তথ্যফলকের মাধ্যমে সচেতনতা গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে। সাপ্তাহিক কার্যবিবরণীর মাধ্যমে অভিযোগগুলির সময়োপযোগী নিষ্পত্তি নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের এই উদ্যোগের ফলে সরকারি পরিষেবা পেতে সাধারণ মানুষের হয়রানি কমবে এবং প্রশাসনের সঙ্গে নাগরিকদের সরাসরি যোগাযোগ আরও মজবুত হবে বলেই মনে করা হচ্ছে।







