চাঁচল: নাগপঞ্চমী মানেই দেবী মনসার আরাধনা। সেই বিশ্বাস আর আবেগকে সঙ্গী করেই চাঁচল হাসপাতাল চত্বরে পাঁচ দশক ধরে চলে আসছে দেবী মনসার পুজো। মঙ্গলবার নাগপঞ্চমীতে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে নিষ্ঠার সঙ্গে পুজো হয়। গত পাঁচ বছর ধরে আরও ধুমধাম করে আয়োজন করা হচ্ছে এই পুজোর।
সকাল থেকেই পুজো দিতে ভক্তদের ভিড় জমে হাসপাতালে চত্বরে। চাঁচল শহর ছাড়াও দূরদূরান্ত থেকে বহু মানুষ হাজির হন। স্থানীয়দের বিশ্বাস, এই দেবী অত্যন্ত জাগ্রত। মনের বিশ্বাস নিয়ে মায়ের কাছে প্রার্থনা করলে মনোবাসনা পূরণ হয়। সেই বিশ্বাসেই প্রতি বছর নাগপঞ্চমীতে ভক্তদের ঢল নামে।
সন্ধ্যায় পুজো শেষে হয় প্রসাদ বিতরণ। পুজো কমিটির সভাপতি সুমিত সরকার জানান, প্রায় দু’হাজার মানুষের সমাগম হবে। অনুষ্ঠানে বিধানসভার মুখ্য সচেতক অম্লান ভাদুড়ীও উপস্থিত থাকবেন।








