উত্তরের নজর ব্যুরো: ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ১৬ অগস্ট মালদহের সামসির এগ্রিল হাইস্কুলে অনুষ্ঠিত হল গৌড়বঙ্গ যোগা চ্যাম্পিয়নশিপ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০০ জন ছেলে-মেয়ে এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় গাজোলের শ্যাম যোগা অ্যান্ড ফিটনেস সেন্টারের ২০ জন প্রশিক্ষণরত ছাত্রছাত্রীও অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ১০ জন নিজেদের ট্র্যাডিশনাল ও নিজস্ব বিভাগে সাফল্য অর্জন করেন। সফল প্রত্যেক প্রতিযোগীর হাতে তুলে দেওয়া হয় ট্রফি ও শংসাপত্র।
এই সাফল্যে খুশি প্রশিক্ষক, ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। তাঁদের দাবি, প্রতিযোগিতায় ভালো ফল করে গাজোলের নাম উজ্জ্বল করেছেন কেন্দ্রের পড়ুয়ারা।
প্রতিযোগিনী রঞ্জনা রাজবংশী বলেন, গৌরবঙ্গ যোগা চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে পুরস্কার পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। তাঁর মতে, নিয়মিত যোগাভ্যাস শরীর ও মন দুটিকেই সুস্থ রাখতে সাহায্য করে। সকলেরই নিয়মিত যোগাভ্যাসের দিকে নজর দেওয়া উচিত বলে জানান তিনি।
শ্যাম যোগা অ্যান্ড ফিটনেস সেন্টারের কর্ণধার শ্যাম মন্ডল নিজেও যোগায় একাধিকবার আন্তর্জাতিকস্তরে স্বর্ণপদক পেয়েছেন। তিনি বলেন, যোগ শুধু শরীরকে নয়, মনকেও সুস্থ রাখে। সুস্থ সমাজ গড়ে তুলতে তাই যোগের ভূমিকা অপরিসীম। এই সাফল্যে আমি খুশি।







