হরিশ্চন্দ্রপুর: আইডেন্টিটি কার্ড ছাড়া কলেজে প্রবেশকে কেন্দ্র করে সোমবার ধুন্ধুমার বাধল মালদার হরিশ্চন্দ্রপুর কলেজে। অভিযোগ, এক সাধারণ ছাত্র আইডি কার্ড ছাড়া প্রবেশ করতে গেলে এভিবিপির সদস্যরা তাকে বাধা দেন। এ নিয়ে ছাত্রদের একাংশের সঙ্গে বচসা থেকে হাতাহাতি শুরু হয়। এসএফআইয়ের বিরুদ্ধে এভিবিপির পোস্টার ছিড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পাল্টা এভিবিপির বিরুদ্ধে বাইরে থেকে লোক এনে সাধারণ ছাত্রদের মারধরের অভিযোগ করেছেন ছাত্রদের একাংশ। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার আইসি সুমিত কুমার ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, তৃণমূলের লোকজন এসএফআইয়ের মুখোশ পরে অশান্তি করছে। পাল্টা সিপিআইএমের অভিযোগ, তৃণমূলের সংস্কৃতিই কলেজে বহন করছে বিজেপি। যদিও এভিবিপি এই ধরনের রাজনীতি করে না বলে দাবি বিজেপির।










