উত্তরের নজর ব্যুরো, ১৬ অগস্ট: জনগননা শুরু হয়েছে দেশজুড়ে। স্ব-গণনা (Self Enumeration)-য় দেশের মধ্যে নজির গড়ল পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় গণনা প্রক্রিয়ার আওতায় রাজ্যে এখনও পর্যন্ত ৫৩ লক্ষেরও বেশি পরিবার স্ব-গণনায় অংশ নিয়েছে। রাজ্য সরকারের প্রেস নোট অনুযায়ী, ১৫ অগাস্ট পর্যন্ত মোট ৫৩,১৩,৫৮৯টি পরিবার স্ব-গণনা প্রক্রিয়া শুরু করেছে।
এর মধ্যে ৪৯,৮৬,০১৭টি পরিবার ইতিমধ্যেই সম্পূর্ণভাবে স্ব-গণনা সম্পন্ন করেছে। আরও ৩,২৭,৫৭২টি পরিবার বিভিন্ন পর্যায়ে রয়েছে। ফলে স্ব-গণনার সামগ্রিক সম্পন্ন হওয়ার হার দাঁড়িয়েছে ৯৩.৮৪ শতাংশ।
রাজ্য সরকারের দাবি, দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে স্ব-গণনায় সবচেয়ে বেশি পরিবারের অংশগ্রহণ হয়েছে পশ্চিমবঙ্গেই। ১ অগাস্ট রাজ্যে এই প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন প্রচারের মাধ্যমে ব্যাপক সচেতনতা তৈরি করা হয়।
রাজ্যের ২৩টি জেলার মধ্যে স্ব-গণনায় সেরা পারফরম্যান্স করেছে মালদহ ও উত্তর ২৪ পরগনা। নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ এবং সচেতনতা বৃদ্ধির ফলেই এই সাফল্য এসেছে বলে জানিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর।
১৫ অগাস্ট স্ব-গণনা পর্ব শেষ হওয়ার পর রাজ্যবাসী এবং গণনা পরিচালনায় যুক্ত আধিকারিকদেরও ধন্যবাদ জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।







