চাঁচল: ভোরের আলো ফুটতেই পুষ্পাঞ্জলিতে মাতলেন হাজার হাজার ভক্ত। মহাষ্টমীর সকালে শাস্ত্রীয় রীতিনীতি মেনে কুমারী পুজো ও সন্ধিপুজোর আয়োজনে আরও একবার উজ্জ্বল হয়ে উঠল চাঁচল রাজবাড়ির প্রাচীন ঐতিহ্য।
সোমবার সকাল ৬টা নাগাদ পাহাড়পুর চণ্ডীমণ্ডপের চণ্ডীদালানে কুমারী রূপে পূজিতা হলেন চাঁচলের থানাপাড়া এলাকার বাসিন্দা প্রিয়াংশি চৌধুরী। রাজপুরোহিত শাস্ত্রীয় বিধি মেনে ছোট্ট প্রিয়াংশিকে আসনে বসিয়ে পুজো করেন। কুমারীর মধ্যে দেবী চণ্ডীর রূপ দর্শন ও আশীর্বাদ লাভের আশায় সকাল থেকেই মণ্ডপে ভিড় জমান অসংখ্য ভক্ত। পুষ্পাঞ্জলি দেওয়ার পাশাপাশি কুমারী পুজোয় অংশ নেন তাঁরা।
এদিন উপস্থিত ছিলেন চাঁচল রাজ ট্রাস্টি বোর্ডের সম্পাদক পার্থ চক্রবর্তী, সুপারভাইজার দেবজয় ভট্টাচার্য-সহ বিশিষ্ট ব্যক্তিরা।
প্রায় ৩৭৫ বছরের প্রাচীন এই পুজো শুধু ধর্মীয় আচার নয়, চাঁচলের ইতিহাস ও রাজপরম্পরারও সাক্ষী। সময়ের পরিবর্তনেও অমলিন সেই ঐতিহ্য। ভক্তি, নিষ্ঠা আর শাস্ত্রীয় রীতির মেলবন্ধনে মহাষ্টমীর সকালে পাহাড়পুর চণ্ডীমণ্ডপ হয়ে উঠল ভক্তসমাগমের কেন্দ্রবিন্দু।







