হরিশ্চন্দ্রপুর: পাচারকারীদের ছক ভেস্তে দিয়ে ফের বড়সড় সাফল্য হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের। গভীর রাতে টহলদারির সময় সন্দেহজনক চারচাকা গাড়ি থামিয়ে তল্লাশি চালাতেই মিলল বিপুল পরিমাণ বিদেশি মদ। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লক্ষ টাকা। ঘটনায় বিহারের ভাগলপুরের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম নীতেশ চৌধুরী ও সৌরভ চৌধুরী। শুক্রবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুরের পিপলা এলাকায় টহল দেওয়ার সময় একটি চারচাকা গাড়ির গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের। এরপর গাড়িটি থামিয়ে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিদেশি মদের বোতল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মদগুলি বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে গন্তব্যে পৌঁছনোর আগেই পুলিশের তৎপরতায় ধরা পড়ে যায় গাড়িটি।
পাচার রুখতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের ধারাবাহিক নজরদারি ও দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন মালদার পুলিশ সুপার অনুপ সিং। শনিবার হরিশ্চন্দ্রপুর থানায় সাংবাদিক বৈঠক করে অভিযানের সাফল্যের কথা তুলে ধরেন তিনি। উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি সুমিত কুমার ঘোষ।
পুলিশ সূত্রে খবর, মদ পাচারের পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাচারচক্রের অন্য সদস্যদের সন্ধানেও তদন্ত চালাচ্ছে পুলিশ। ধারাবাহিক নজরদারি ও সময়োচিত পদক্ষেপে ফের পাচারের চেষ্টা রুখে দেওয়ায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের ভূমিকা বিশেষভাবে নজর কেড়েছে।







