চাঁচল: পাখির বাসার থিমে স্বাধীনতার বার্তা। খাঁচার বন্দিদশা থেকে মুক্তির আহ্বান। এমনই অভিনব ভাবনাকে সামনে রেখে পঞ্চমীর সন্ধ্যায় মালদার চাঁচলের থানাপাড়ায় উদ্বোধন হল সর্বজয়া মহিলা সমিতির দুর্গাপুজো।
ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রতন দাস, গ্রাম পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ শর্মা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
এবছর ষষ্ঠ বর্ষে পদার্পণ করল সর্বজয়া মহিলা সমিতির দুর্গাপুজো। পুজোর থিমে ফুটিয়ে তোলা হয়েছে পাখির বাসার ভাবনা। পাশাপাশি খাঁচার ভিতরে বন্দি পাখির ছবি তুলে ধরে তাদের স্বাধীনভাবে বেঁচে থাকার বার্তা দিয়েছেন উদ্যোক্তারা।
‘খাঁচার বন্দিদশা থেকে মুক্তি দাও, স্বাধীনভাবে বাঁচতে দাও’—এই ভাবনাকেই থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে। অভিনব ভাবনায় সাজানো পুজোমণ্ডপে সৃজনশীলতার ছোঁয়ার পাশাপাশি রয়েছে এক বিশেষ সামাজিক বার্তা। প্রতিটি জীবের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে, সেই কথাই দর্শনার্থীদের সামনে তুলে ধরতে চেয়েছেন পুজো উদ্যোক্তারা।








