চাঁচল: বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতা হোক কিংবা সারাদিন ব্যবসায় ব্যস্ত বিক্রেতা—শৌচালয়ের প্রয়োজন সকলেরই। সেই প্রয়োজনের কথা মাথায় রেখে চাঁচল দৈনিক বাজারে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা শৌচালয়টি সংস্কার করে ফের চালু করল চাঁচল রোটারি ক্লাব।
সম্প্রতি ফিতে কেটে সংস্কার করা শৌচালয়ের উদ্বোধন করেন রোটারি ক্লাবের সভাপতি অভিষেক পাণ্ডে। উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক সমর্পণ পাল, প্রেসিডেন্ট ইলেক্ট অর্ঘ্য প্রতিম মজুমদার, দীপঙ্কর রাম, মনোজ আগরওয়ালা-সহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী অবস্থায় পড়ে ছিল রোটারি ক্লাবের উদ্যোগে তৈরি ওই শৌচালয়টি। ফলে বাজারের ক্রেতা-বিক্রেতা এবং ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হচ্ছিল। সেই সমস্যা দূর করতেই উদ্যোগী হয় রোটারি ক্লাব। সংস্কারের পর ফের সেটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়।
এদিন শুধু শৌচালয় সংস্কারেই থেমে থাকেনি ক্লাবের উদ্যোগ। রোটারি অন্নপূর্ণার পক্ষ থেকে চাঁচলের তরলতলা মোড়ে অসহায় ও দুঃস্থ মানুষদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থাও করা হয়।
জনস্বার্থে রোটারি ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চাঁচলের বাসিন্দারা।







