

হরিশ্চন্দ্রপুর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সেবামূলক কর্মসূচিতে হরিশ্চন্দ্রপুরে পথে নামল বিজেপি। বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর সংগঠন সমিতির হলে আয়োজন করা হয় রক্তদান শিবির, চারা গাছ বিতরণ-সহ একাধিক কর্মসূচির। শিবিরে প্রায় ৭০ জন রক্তদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদা সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি প্রতাপ সিং, রাজ্যের প্রতিমন্ত্রী জয়েল মুর্মু, বিজেপি নেতা রুপেশ আগরওয়াল, উজ্জ্বল সিংহ, অর্জুন সিনহা, চন্দ্রনাথ দাস, কিষান কেডিয়া-সহ দলের অন্যান্য নেতৃত্ব। উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি সুমিত কুমার ঘোষও।
এদিন সংগঠন সমিতি হল চত্বরেও একটি চারা গাছ রোপণ করা হয়। বিজেপি নেতৃত্বের দাবি, জন্মদিন উদযাপনকে শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিতেই এই কর্মসূচি। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর মঙ্গল কামনায় ঘরে ঘরে মঙ্গলদীপ জ্বালানোর কর্মসূচিও নেওয়া হয়েছে।







