মালদহ: বন্যার জলে চারদিক কার্যত বিচ্ছিন্ন। ঘরবাড়ি জলমগ্ন, স্বাভাবিক জীবন থমকে। এমন পরিস্থিতিতে এক নৌকা ত্রাণ দেখেই হুড়োহুড়ি করে ত্রাণ সামগ্রী সংগ্রহের ছবি ধরা পড়ল মানিকচকের ভূতনীতে। বৃহস্পতিবার উত্তর চণ্ডীপুরের সাহেবরামটোলা ও মোহরিল মোড় এলাকায় এমনই দৃশ্য নজরে আসে।
জেলা প্রশাসনের উদ্যোগে এদিন বন্যাদুর্গতদের জন্য দুই নৌকা বোঝাই করে ত্রাণসামগ্রী পাঠানো হয়। সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকরা এবং মানিকচকের বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডল। প্রথমে সাহেবরামটোলা এলাকায় নিয়ম মেনে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এরপর ত্রাণের নৌকা পৌঁছয় সাহেবটোলার মোহরিল মোড় এলাকায়। নৌকা ঘাটে আসতেই ত্রাণ নেওয়ার জন্য দুর্গতদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। কয়েকজন ত্রাণ নিতে নৌকাতেও উঠে পড়েন। মুহূর্তের মধ্যেই এক নৌকা থেকে ত্রাণসামগ্রী নিয়ে যাওয়ার ছবি সামনে আসে।
বন্যার জলে বিপর্যস্ত মানুষের ত্রাণের জন্য এমন মরিয়া হয়ে ওঠার দৃশ্য ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, ভূতনীর দুর্গতদের কাছে এই মুহূর্তে সামান্য খাদ্যসামগ্রীও কতটা গুরুত্বপূর্ণ।







