রতুয়া, ১৬ সেপ্টেম্বর: গঙ্গা ও ফুলহর নদীর জল কমলেও এখনও জলমগ্ন রতুয়া-১ ব্লকের মহানন্দটোলা ও বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। বুধবার সেচ দপ্তরের লঞ্চে চেপে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। সঙ্গে ছিলেন বিডিও কৌশিক প্রমাণিক, রতুয়া থানার আইসি অভিষেক ভট্টাচার্য-সহ প্রশাসন ও সেচ দপ্তরের আধিকারিকরা।
কাহালা সুজাপুর ঘাট থেকে লঞ্চে ভাষারামটোলা ও খাসমহল এলাকায় পৌঁছে দুর্গতদের সঙ্গে কথা বলেন সাংসদ। ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেন খাদ্যসামগ্রী। পরে কাহালা সুজাপুর হাইস্কুলের ত্রাণশিবিরে গিয়ে আশ্রিতদের সঙ্গে কথা বলেন এবং নিজের হাতে ভাত, ডাল ও সবজি পরিবেশন করেন।
শিবিরে যান রাজ্যের সেচ প্রতিমন্ত্রী জুয়েল মুর্মুও। তিনিও দুর্গতদের খাবার পরিবেশন করেন।
খগেন মুর্মুর দাবি, জলমগ্নতার পাশাপাশি নদীভাঙনও চলছে। অন্যদিকে জুয়েল মুর্মু জানান, ভাঙন প্রতিরোধে ৩৬০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। শুকনো মরশুমে শুরু হবে কাজ।







