চাঁচল, ৪ সেপ্টেম্বর: সড়কের ধারে দাঁড়িয়ে থাকা লরির আড়ালে মূল সড়কে ওঠার সময় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বাবার সামনেই প্রাণ গেল ষোলো বছরের একাদশ শ্রেণির ছাত্রী তাবাসুম জাহানের। শুক্রবার চাঁচল মহাকুমা শাসকের দফতরের অদূরে মাদ্রাসা মোড় এলাকায় ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাবাসুম কলিগ্রাম হাইস্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্রী। বাবার সঙ্গে বাইকে করে নানার বাড়ি যাওয়ার পথে সংযোগকারী রাস্তা থেকে মূল সড়কে ওঠার সময় একটি লরির সঙ্গে ধাক্কা লাগে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাবাসুমকে মৃত ঘোষণা করেন।
পরিবার ও স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় ব্যবসায়ীরা সড়কের ধারে লরি দাঁড় করিয়ে পণ্য নামান। ফলে সংযোগকারী রাস্তা থেকে মূল সড়কের যানবাহন দেখা যায় না। এতে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থাকে। লরি আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।







