হরিশ্চন্দ্রপুর, ৫ সেপ্টেম্বর: রান্না করার সময় কুড়াল দিয়ে গলা কেটে বৌদিকে খুনের অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। শনিবার রাতে মালদহের হরিশ্চন্দ্রপুরের রামনগর বাইসা এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। নিহত অমৃতা ওরাও (২৭)-এর স্বামী নন্দলাল ওরাও ঘটনার সময় বাড়িতে ছিলেন না। দুই নাবালক ছেলে তখন বাইরে খেলছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আচমকাই ধারাল কুড়াল নিয়ে অমৃতার উপর হামলা চালায় তাঁর দেওর পাঁচু ওরাও। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন অমৃতা। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেন। চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা, আইসি সুমিত কুমার ঘোষ-সহ বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে তল্লাশি শুরু করে। পরে পাঁচুকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্পর্কের টানাপোড়েন থেকেই এই খুন। ঘটনার তদন্ত চলছে।








