চাঁচল, ১ সেপ্টেম্বর: মুখ্যমন্ত্রীর নির্দেশে সারের কালোবাজারি রুখতে চাঁচল শহরে অভিযান চালাল ব্লক প্রশাসন, কৃষি দপ্তর ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। আমন ধান রোপণের মরশুমে মঙ্গলবার পাহাড়পুর ও আদর্শপল্লির দুটি পাইকারি সারের দোকানে আচমকা হানা দেন আধিকারিকরা। নির্ধারিত এমআরপিতে ইউরিয়া-সহ সার বিক্রি হচ্ছে কি না এবং কৃষকরা সরকারি দামে সার পাচ্ছেন কি না, তা খতিয়ে দেখা হয়।
অভিযানে স্টক রেজিস্টার দেখাতে না পারায় আদর্শপল্লির এক সার ব্যবসায়ীকে শোকজ করা হয়েছে। সাত দিনের মধ্যে রেজিস্টার জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, প্রতিটি দোকানে সারের নির্ধারিত দাম সংক্রান্ত চার্ট টাঙানোর নির্দেশ দেওয়া হয়।
অভিযানে ছিলেন মহকুমা কৃষি অধিকর্তা ভাস্কর দত্ত, ব্লক কৃষি আধিকারিক উত্তরায়ণ দাস গুপ্ত-সহ অন্যান্য আধিকারিকরা। কৃষি দপ্তরের বার্তা, কালোবাজারি ধরা পড়লে কড়া পদক্ষেপ করা হবে।







