রতুয়া, ৩১ আগস্ট: ভাঙন দুর্গতদের পুনর্বাসন, পর্যাপ্ত ত্রাণ, ভোটার তালিকা সংশোধন-সহ একাধিক দাবিতে রতুয়া-১ ব্লক সিপিআইএম লোকাল কমিটির পক্ষ থেকে বিডিওকে ডেপুটেশন দেওয়া হল। পাশাপাশি রতুয়া স্ট্যান্ডে আয়োজন করা হয় পথসভা। সোমবার বিকেলে এই কর্মসূচিকে ঘিরে দলের নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এদিন প্রথমে রতুয়া-১ ব্লক দফতরে গিয়ে বিডিওর হাতে দাবিপত্র তুলে দেন সিপিআইএমের নেতা-কর্মীরা। ডেপুটেশনে মহানন্দটোলা ও বিলাইমারি গ্রাম পঞ্চায়েত এলাকার ভাঙন দুর্গতদের সমস্যা দ্রুত সমাধানের দাবি জানানো হয়। রাজনৈতিক পরিচয় বা রং না দেখে প্রকৃত ভাঙন দুর্গতদের তালিকা তৈরি, গৃহহীন পরিবারগুলির পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ত্রাণ দেওয়ার দাবিও ওঠে।
এর পাশাপাশি নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে বাদ পড়া নামগুলি ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি, যোগ্য উপভোক্তাদের অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা প্রদান এবং আবাস যোজনার সমীক্ষা নিরপেক্ষভাবে করার দাবি জানানো হয়। এলাকার বেহাল রাস্তাঘাট সংস্কার এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের দাবিও রাখা হয়।
ডেপুটেশন কর্মসূচির পর রতুয়া স্ট্যান্ডে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন রতুয়া-১ সিপিআইএম লোকাল কমিটির সম্পাদক দেবাশীষ সাহা, যুব সংগঠনের সম্পাদক শুভেন্দু স্বর্ণকার, সারা ভারত ক্ষেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের ব্লক সম্পাদক অম্বর রায় এবং সারা ভারত কৃষক সভার ব্লক সম্পাদক তফাজ্জাল হোসেন।
এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএমের জেলা কমিটির সদস্য জহুর আলম, সুশান্ত সিংহ-সহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা। বক্তারা ভাঙন দুর্গতদের দ্রুত পুনর্বাসন-সহ এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানান।







