চাঁচল, ৩১ আগস্ট: একাধিক দাবি-দাওয়া নিয়ে প্রশাসনের দ্বারস্থ হল সিপিআই(এম)-এর মালতীপুর এরিয়া কমিটি। বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে চাঁচল-২ ব্লক প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেন দলের নেতৃত্ব।
স্মারকলিপিতে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। চাঁচল-২ ব্লকে এসআইআরে বাদ পড়া সমস্ত ভোটারদের নাম তোলার দাবি জানানো হয়েছে। একইসঙ্গে পরিযায়ী শ্রমিকদের কাজের সুযোগ তৈরি এবং তাঁদের কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়ার দাবিও জানিয়েছে সিপিআই(এম)।
দলের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিনের কাজের ব্যবস্থা এবং পরবর্তীতে ২০০ দিন কাজের নিশ্চয়তা দিতে হবে। পাশাপাশি শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবিও তোলা হয়েছে।
এছাড়াও মহিলা ও অন্যান্য উপভোক্তাদের সরকারি প্রকল্পের সুবিধা যথাযথভাবে পৌঁছে দেওয়া এবং বিভিন্ন সরকারি পরিষেবার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার দাবি জানানো হয়েছে। এদিন প্রথমে গোবিন্দপাড়ায় জমায়েত হয়। সেখান থেকে মিছিল করে তুই ব্লক অফিসে যান দলের নেতাকর্মীরা। ছিলেন সিপিএমের জেলা কমিটির সদস্য মিনারুল হোসেন, কৃষক সভার জেলা সম্পাদক প্রণব চৌধুরী, সিটুর জেলা কমিটির সদস্য এমাদুর রহমান, সিপিএম নেতা গোষ্ঠ মুন্ডা প্রমুখ।
এদিনের স্মারকলিপিতে দলের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও দাবিগুলি প্রশাসনের নজরে আনতেই এই কর্মসূচি। দাবিগুলি দ্রুত কার্যকর না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।








