সামসি, ৩১ আগস্ট: একই দিনে বিজ্ঞান ও ক্রীড়াক্ষেত্রে জোড়া সাফল্য অর্জন করে নজির গড়ল মালদার সামসির জিয়াগাছির হেরিটেজ ইংলিশ স্কুল। একদিকে বিজ্ঞানভিত্তিক কর্মশালায় বিদ্যালয়ের দুই ছাত্র সেরা পোস্টার উপস্থাপনার পুরস্কার অর্জন করেছে, অন্যদিকে জেলা তায়কোয়োন্দো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে আরও এক ছাত্র।
বিশ্বের অন্যতম খ্যাতনামা টোকিও বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক তথা বিশিষ্ট বিজ্ঞানী তপস কুমার কুণ্ডুর বিজ্ঞানভিত্তিক আলোচনা এবং মুখগহ্বরের জীবাণু ও ক্যানসার গবেষণাবিষয়ক কর্মশালায় বিদ্যালয়ের দুই ছাত্র মহম্মদ নায়েম আলম ও আসফাক আনসারি ‘সেরা পোস্টার’ পুরস্কার অর্জন করে। তাঁদের এই সাফল্যে বিদ্যালয়জুড়ে খুশির আবহ তৈরি হয়েছে।
অন্যদিকে, জেলা তায়কোয়োন্দো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বিদ্যালয়ের গৌরব আরও বাড়িয়েছে ছাত্র নাসিম আখতার। একই দিনে বিজ্ঞান ও ক্রীড়াক্ষেত্রে তিন শিক্ষার্থীর এই সাফল্যকে বিদ্যালয়ের অন্যতম সাফল্য বলে মনে করছেন শিক্ষক-শিক্ষিকারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহা: ফাজলে কারীম বলেন, “আমাদের শিক্ষার্থীদের এই সাফল্য অত্যন্ত গর্বের। এই সাফল্য প্রমাণ করে, সঠিক সুযোগ, পরিশ্রম ও দিকনির্দেশনা পেলে শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রেই অসাধারণ সাফল্য অর্জন করতে পারে।”
বিদ্যালয়ের অধিকর্তা নাসিম আখতার জানান, “গত রবিবার রতুয়া থানার উদ্যোগে আয়োজিত সড়ক নিরাপত্তা বিষয়ক সংক্ষিপ্ত বক্তৃতা প্রতিযোগিতাতেও বিদ্যালয়ের ছাত্র মহম্মদ নায়েম আলম প্রথম স্থান অর্জন করেছে। আজকের এই জোড়া সাফল্য আমাদের কাছে অত্যন্ত গর্বের। আমাদের লক্ষ্য, প্রথাগত পঠন-পাঠনের বাইরে গিয়ে তাঁদের নিজস্ব আগ্রহ, প্রতিভা ও স্বপ্নকে চিহ্নিত করে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ ও উৎসাহ দেওয়া।”







