চাঁচল, ৩০ আগস্ট: জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে মালদহের চাঁচলে অনুষ্ঠিত হল ‘ওয়াকাথন ২.০’। রবিবার সকালে মারওয়ারী যুব মঞ্চের চাঁচল অর্ণব শাখার উদ্যোগে সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে পদযাত্রার সূচনা হয়। প্রায় ১২০ জন এতে অংশ নেন।
‘সুস্থ ভারত, শক্তিশালী ভারত’—এই বার্তাকে সামনে রেখে অংশগ্রহণকারীরা নেতাজি মোড়, কলমবাগান, দুর্গাবাড়ি মোড়, সুকান্ত মোড়, চাঁচল বাজার ও ব্লক এলাকা পরিক্রমা করে ফের স্কুল প্রাঙ্গণে পৌঁছন। হাঁটার পাশাপাশি নাচ ও বিভিন্ন আনন্দমুখর কর্মকাণ্ডে অংশ নেন অনেকে। ফলে চাঁচল শহরে তৈরি হয় উৎসবের আবহ।
আয়োজকদের দাবি, নিয়মিত হাঁটা শারীরিক সুস্থতা বজায় রাখার পাশাপাশি মানসিক চাপ কমাতে সাহায্য করে। স্বাস্থ্য সচেতনতা ও সুস্থ জীবনযাপনের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ছিল কর্মসূচির মূল লক্ষ্য।
উপস্থিত ছিলেন শাখার সভাপতি নীতিন আগরওয়াল, সম্পাদক মণীশ আগরওয়াল, কোষাধ্যক্ষ বিজয়ী ডাল মিয়া এবং সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ চক্রবর্তী।








