চাঁচল: সামসি কলেজ প্রাঙ্গণে এভিবিপির পতাকা ও স্বামী বিবেকানন্দের পোস্টার ছেঁড়ার অভিযোগে দুই তৃণমূল ছাত্র পরিষদ কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম দেবজিৎ সাহা ওরফে ঋজু এবং অরিজিৎ রবিদাস। অভিযোগ, গত ২২ অগস্ট কলেজে এই ঘটনা ঘটে। পরে মূল অভিযুক্ত তারিখ আনোয়ার সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে। ভিডিও ভাইরাল হতেই এভিবিপির পক্ষ থেকে চাঁচল থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে চাঁচল মহকুমা আদালতে পেশ করেছে। তবে মূল অভিযুক্ত তারিখ আনোয়ার এখনও পলাতক। যদিও সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে তিনি ক্ষমা চেয়েছেন বলে দাবি। তাঁর দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে এভিবিপি। সংগঠনের অভিযোগ, এর আগেও চাঁচল কলেজে রবীন্দ্রনাথের ছবি পোড়ানোর ঘটনা ঘটেছিল।






