চাঁচল, ১৩ অগস্ট: পড়শি মহিলার হাসুয়ার এলোপাথাড়ি কোপে গুরুতর জখম হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৬২ বছরের এক বৃদ্ধা। বুধবার সন্ধ্যা পৌনে ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে চাঁচল-২ ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের বাহারাবাদ গ্রামে। অভিযুক্ত সম্রাট বিবি (৪০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
আক্রান্তের নাম জাহানারা বিবি (৬২)। পরিবার সূত্রে জানা যায়, নদীর ধার থেকে বাড়ি ফেরার সময় হাসুয়া নিয়ে তাঁর উপর হামলা চালান সম্রাট বিবি। হাত, পিঠ, গলা ও মাথা-সহ শরীরের বিভিন্ন অংশে ৮-১০টি কোপ মারা হয় বলে অভিযোগ। ডান হাতের দু’টি আঙুল কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন জাহানারা।
পরিবারের লোকজন তাঁকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে মালদহ মেডিকেল কলেজে রেফার করা হয়। এখনও তাঁর জ্ঞান ফেরেনি। ঘটনার তদন্তে নেমে পুলিশ হাসুয়া ও কেটে যাওয়া দু’টি আঙুল উদ্ধার করেছে। বৃহস্পতিবার লিখিত অভিযোগের ভিত্তিতে সম্রাট বিবিকে গ্রেপ্তার করা হয়।






