মালদা: তিন মাসের বকেয়া বেতন, পিএফ ও ইএসআইয়ের দাবিতে কর্মবিরতিতে নামলেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা বিল্ডিংয়ের ১৭৪ জন অস্থায়ী কর্মী। বৃহস্পতিবার সকাল থেকে কাজ বন্ধ রেখে এমএসভিপির দফতরের সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করেন তাঁরা। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বেতন সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাঁরা। বেতন বকেয়ার পাশাপাশি পিএফ ও ইএসআইয়ের সুবিধা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। এমএসভিপির সঙ্গে কথা বলতে গিয়ে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হলে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিশ পৌঁছয়। পরে অতিরিক্ত জেলাশাসকও ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কর্মীরা।






