চাঁচল, ১২ অগস্ট: পঞ্চায়েতের পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় পদ খারিজ হল তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্যের। ঘটনাটি মালদহের চাঁচল-২ ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের। চাঁচল মহকুমা শাসকের আদালতের নির্দেশে মঙ্গলবার তাঁদের সদস্যপদ খারিজ করা হয়।
পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, খারিজ হওয়া দুই সদস্য হলেন দুর্গাপুরের ৮৪ নম্বর বুথের সুমন বিবি এবং ডাহুকার ৬৪ নম্বর বুথের বিলকিস তারা বিবি। অভিযোগ, পঞ্চায়েতের ডাকা পরপর তিনটি সভায় তাঁরা অনুপস্থিত ছিলেন। এই অভিযোগে চাঁচল এসডিও আদালতে মামলা করেন গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন কংগ্রেস প্রধান তফিজুল হক। গত বৃহস্পতিবার মামলার শুনানি হয়। নথি ও বক্তব্য খতিয়ে দেখে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।
পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন, ১৯৭৩-এর ১১(১) ধারায় তাঁদের পদ খারিজ হয়েছে। ২৮ সদস্যের জালালপুর পঞ্চায়েতে বর্তমানে সদস্য সংখ্যা ২৬। সম্প্রতি অনাস্থা ভোটে তফিজুল হক প্রধানের পদ থেকে অপসারিত হওয়ার পর তৃণমূলের ১২ এবং কংগ্রেসের ৫ সদস্যকে নিয়ে বোর্ড গঠিত হয়। এবার দুই তৃণমূল সদস্যের পদ খারিজ হওয়ায় পঞ্চায়েতের রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।







