চাঁচল, ১১ অগস্ট: জ্বর নিয়ে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হওয়ার পর মৃত্যু হল আট বছরের এক শিশুর। মৃতের নাম পূজা কুমারী। বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার দৌলতপুর এলাকায়। পরিবারের অভিযোগ, শিশু বিভাগে ভর্তি করার পর পর্যাপ্ত চিকিৎসা না করেই তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। অ্যাম্বুল্যান্সে করে মালদার উদ্দেশে রওনা দেওয়ার সময়ই শিশুটির মৃত্যু হয় বলে দাবি পরিবারের।
ঘটনার পর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা। কর্তব্যরত চিকিৎসক, সহকারী সুপার-সহ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের বচসা বাধে। খবর পেয়ে চাঁচল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও চিকিৎসক সৌমেন সাউ তাঁর বিরুদ্ধে ওঠা গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন।







