চাঁচল, ১০ অগস্ট: বর্ষার জলে মহানন্দার জলস্তর বাড়তেই নতুন করে ভাঙনের আতঙ্ক ছড়িয়েছে চাঁচল-১ ব্লকের পুরাতন খানপুরে। নদীর গ্রাস থেকে গ্রামকে রক্ষা করতে স্থায়ী ভাঙন প্রতিরোধের দাবিতে এবার গণআন্দোলনের পথে হাঁটলেন স্থানীয় বাসিন্দারা। কয়েকশো গ্রামবাসীর স্বাক্ষর-সহ লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে মহানন্দা এমব্যাংকমেন্টের নির্বাহী বাস্তুকারের দপ্তরে।
স্থানীয়দের দাবি, খানপুর প্রাথমিক বিদ্যালয় থেকে পুরাতন খানপুর ফেরিঘাট পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার নদীপাড় দীর্ঘদিন ধরে ভাঙনের কবলে। ইতিমধ্যেই বহু জমি নদীগর্ভে চলে গিয়েছে। ভাঙন আরও বাড়লে স্কুল, মাদ্রাসা, মসজিদ ও বসতবাড়ি বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
আবেদনকারী এমাদুর রহমান বলেন, প্রতি বছর নদী গ্রামের দিকে এগিয়ে আসছে। দ্রুত স্থায়ী ব্যবস্থা না হলে বড় ক্ষতির আশঙ্কা রয়েছে।
পঞ্চায়েত সদস্য রাজিব আলিরও দাবি, বর্ষায় নদীপাড়ের মানুষ আতঙ্কে থাকেন। মাটি ফেলে সাময়িক মেরামতির বদলে বোল্ডার দিয়ে পরিকল্পিতভাবে নদীপাড় বাঁধানোর দাবি জানিয়েছেন বাসিন্দারা। আবেদন খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে দপ্তর।







