চাঁচল: হাতে জাতীয় পতাকা, কণ্ঠে ‘বন্দে মাতরম’—দেশাত্মবোধের আবহে সোমবার কার্যত উৎসবের চেহারা নিল মালদার চাঁচল শহর। চাঁচল কলেজের উদ্যোগে ওই কর্মসূচি নেওয়া হয়। চাঁচল কলেজ থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে প্রায় এক হাজার পড়ুয়া অংশ নেন।
জাতীয় পতাকা হাতে নিয়ে কলেজ চত্বর থেকে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন পড়ুয়ারা। তাঁদের স্লোগানে মুখর হয়ে ওঠে চাঁচলের রাজপথ। পরে তিরঙ্গা যাত্রা গিয়ে শেষ হয় চাঁচল মহকুমা শাসকের দফতরে।
প্রত্যেক বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন এবং দেশবাসীর মধ্যে দেশাত্মবোধের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচি বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। রাজ্যে সরকার পরিবর্তনের পর জাতীয় পতাকা ও দেশাত্মবোধক বিভিন্ন কর্মসূচিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় চাঁচলে এই তিরঙ্গা যাত্রার আয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁচলের মহকুমা শাসক ঋত্বিক হাজরা, চাঁচল মহকুমা আদালতের বিচারক জয় শঙ্কর রায়, চাঁচল কলেজের অধ্যক্ষ উত্তম পাল, অধ্যাপক মহিদুল ইসলাম-সহ প্রশাসন ও শিক্ষা জগতের বিশিষ্টরা। পড়ুয়াদের বিপুল অংশগ্রহণে এদিন গোটা শহরজুড়ে তৈরি হয় জাতীয়তাবোধের আবহ।








