সামসি, ৯ অগাস্ট: গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে সামসি কলেজ মোড়ে অভিযান চালিয়ে প্রায় ১ কেজি ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করল রতুয়া থানার সামসি পুলিশ ফাঁড়ি। ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলেজ মোড়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। তাঁদের কাছ থেকে গাঁজা উদ্ধার হয়। ধৃতদের নাম প্রদ্যুত কুমার ওঁরাও (২৪) ও গণেশ ওঁরাও (৩৪)। দু’জনের বাড়ি চাঁচল-২ ব্লকের ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতের মেঘডুমড়া এলাকায়। রবিবার তাঁদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ সাত দিনের হেফাজতের আবেদন জানিয়েছে। গাঁজা কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।







