উত্তরের নজর ব্যুরো: ছুটির দিনে বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে বিহারের ডাউক নদীতে তলিয়ে নিখোঁজ হলেন ইসলামপুরের তিস্তা সেচদফতরের এক বাস্তুকার। শনিবার ইসলামপুর সংলগ্ন বিহারের সাতমারি সেতু এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ বাস্তুকারের নাম কুশল সুব্বা (২৮)। তাঁর বাড়ি মিরিকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সেচদফতরের কর্মীরা। তিস্তা সেচদফতরের এক আধিকারিক জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় যৌথভাবে উদ্ধারকাজ চলছে। নিখোঁজ বাস্তুকারের সন্ধানে তিস্তাতেও জলস্তর কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।







