উত্তরের নজর ব্যুরো: অনুপ্রবেশের অভিযোগে তিন বাংলাদেশি যুবককে আটক করল কালিয়াগঞ্জ থানার পুলিশ। শনিবার সকালে ধনকৈল পঞ্চায়েতের মধ্য দুর্গাপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিন যুবকের বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায়। প্রায় এক বছর আগে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে ঢুকে তাঁরা হরিয়ানার একটি প্লাস্টিক পাইপ তৈরির কারখানায় কাজ করছিলেন বলে পুলিশের দাবি। সম্প্রতি রাতে রাধিকাপুর সীমান্ত দিয়ে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন তাঁরা। সেই সময় পুলিশ তাঁদের আটক করে। তিন যুবককে রাধিকাপুরের আটক শিবিরে রাখার ব্যবস্থা করা হয়েছে।







