মোথাবাড়ি: প্রকাশ্য রাস্তায় এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল মালদহে। শুক্রবার রাতে মোথাবাড়ির পঞ্চানন্দপুর গ্রামে ঘটনাটি ঘটে। মৃতের নাম নাসিরুদ্দিন আহমেদ (৩৬)। তিনি পঞ্চানন্দপুরের বাসিন্দা ছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে ১১টা নাগাদ বাড়ি ফেরার পথে কয়েকজন দুষ্কৃতী তাঁর পথ আটকায়। অভিযোগ, এরপর ছুরি দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে বাঙিটোলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, নাসিরুদ্দিন পুরোনো একটি বিবাদের মামলায় জেলে ছিলেন। সম্প্রতি তিনি জেল থেকে ছাড়া পান। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, টাকা-পয়সা সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।







