চাঁচল: মাছ ধরতে গিয়ে জালে মাছের বদলে উঠে এল এক বিরল অতিথি—একটি কচ্ছপ। ঘটনাকে ঘিরে রবিবার সকালে মালদার চাঁচল থানার কলিগ্রাম এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয় বাসিন্দার উদ্যোগে কচ্ছপটিকে নিরাপদে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়।
জানা গিয়েছে, কলিগ্রাম রক্ষাকালী তলার বাসিন্দা প্রদীপ দাস শনিবার পুকুরে মাছ ধরতে গিয়ে জালে কচ্ছপটি আটকে থাকতে দেখেন। বিষয়টি বুঝেই তিনি কচ্ছপটিকে নিরাপদে রেখে গ্রামীণ পুলিশ শুভঙ্কর সরকারের সহায়তায় বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করেন।
রবিবার সকালে চাঁচল রেঞ্জের বনকর্মী ফায়জুল হক ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটি উদ্ধার করে নিয়ে যান। বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, কচ্ছপ জলজ বাস্তুতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণী। তাই কচ্ছপ শিকার বা পাচার আইনত দণ্ডনীয় অপরাধ। কোথাও কচ্ছপ দেখা গেলে বা উদ্ধার হলে সেটিকে না আটকে দ্রুত বনদপ্তরকে খবর দেওয়ার আবেদন জানানো হয়েছে।
স্থানীয়দের এই সচেতন ও মানবিক উদ্যোগের প্রশংসা করেছে বনদপ্তর। তাদের মতে, সাধারণ মানুষের সহযোগিতাই বন্যপ্রাণ সংরক্ষণে সবচেয়ে বড় শক্তি।







