
চাঁচল, ১ আগস্ট: রাজ্যে পালাবদলের পর মালদার চাঁচলে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক, উত্তর মালদার সাংসদ এবং রাজ্যের প্রতিমন্ত্রীকে সংবর্ধনা জানাল চাঁচল মার্চেন্ট অ্যাসোসিয়েশন। পাশাপাশি চাঁচল মহকুমার দীর্ঘদিনের একাধিক জনস্বার্থের দাবি দ্রুত বাস্তবায়নের আবেদনও জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। শনিবার সন্ধ্যায় চাঁচল কলেজ রোডের একটি অতিথি আবাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক অম্লান ভাদুড়ী, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, রাজ্যের প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু, মালদা ব্যবসায়ী সমিতির সম্পাদক উত্তম বসাক, চাঁচল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান প্রাণ গোপাল পোদ্দার, সম্পাদক সুদীপ্ত ঘোষ, পঙ্কজ ডালমিয়া-সহ ব্যবসায়ী সংগঠনের বিশিষ্ট ব্যক্তিরা।
ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে অতিথিদের শাল, পুষ্পস্তবক, স্মারক এবং গাছের চারা তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়।
পরে সংগঠনের পক্ষ থেকে সাংসদ, প্রতিমন্ত্রী ও মুখ্য সচেতকের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। সেখানে চাঁচলকে পৃথক পুলিশ জেলা ঘোষণা, মরা মহানন্দা নদীর সংস্কার, ময়নাতদন্ত বিভাগ চালু-সহ দীর্ঘদিনের একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়।
স্মারকলিপিতে উত্থাপিত বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন সাংসদ, প্রতিমন্ত্রী ও মুখ্য সচেতক।







