
চাঁচল: সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মদিবস পালিত হল। শুক্রবার মালদার চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের শিবরাম মঞ্চে চাঁচল থানার উদ্যোগে ওই কর্মসূচি নেওয়া হয়। বল্লভভাই প্যাটেল পরিচিত ছিলেন ভারতের লৌহ মানব হিসেবে। এদিন তার জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় একাধিক সচেতনতামূলক কর্মসূচির। কর্মসূচিতে বাল্য বিবাহ, শিশু নির্যাতন, নারী পাচার, বধূ নির্যাতন নিয়ে পড়ুয়াদের সচেতন করা হয়। যেভাবেই হোক, বাল্য বিবাহ, শিশু নির্যাতন বন্ধ করতে হবে। এজন্য পড়ুয়াদের সচেতন থাকতে হবে ও এগিয়ে আসতে হবে বলে বক্তারা তাদের বক্তব্যে তুলে ধরেন। সিদ্ধেশ্বরীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ চক্রবর্তী ছাড়াও ছিলেন চাঁচল থানার পুলিশের সাব ইন্সপেক্টর বীরশিকা তামাং, পুলিশ কর্মী যূথিকা ঘোষ রায়।
সিদ্ধেশ্বরীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ চক্রবর্তী পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন, কোথাও নাবালিকার বিয়ে দেওয়া হচ্ছে জানতে পারলে পুলিশকে খবর দিলেই হবে। বাকি কাজ পুলিশ করবে।
যূথিকা ঘোষ রায় বলেন, সোশ্যাল মিডিয়া এখন চর্চার বিষয়। তোমরা এর থেকে ভালো যা তা গ্রহণ করবে। এ ছাড়া এখনও অনেক শিশু স্কুলে যায় না। মানুষের বাড়িতে কাজ করে। তাদের স্কুলমুখী করতে হবে।







