চাঁচল, ৩১ জুলাই: পঞ্চদশ অর্থ কমিশনের ৭৪ লক্ষ টাকার প্রকল্পে পঞ্চায়েত সমিতিকে অন্ধকারে রেখে কাজ করার অভিযোগে চাঁচল–১ ব্লকের বিডিও পৌষালি চক্রবর্তীর বিরুদ্ধে বিক্ষোভে সামিল হলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি, সদস্য এবং কংগ্রেসের বিরোধী দলনেতা ও সদস্যরা। শুক্রবার বিডিও অফিসের সামনে অবস্থান-বিক্ষোভে তাঁদের অভিযোগ, কোনও রেজুলেশন ছাড়াই টেন্ডার ও কাজ চলছে। পাশাপাশি জনপ্রতিনিধিদের সঙ্গে প্রশাসনের কোনও সমন্বয় নেই বলেও দাবি করা হয়। বিক্ষোভ চলাকালীন দফতরে থাকলেও প্রতিনিধিদের সঙ্গে দেখা বা সংবাদমাধ্যমের সামনে প্রতিক্রিয়া দেননি বিডিও। অভিযোগের ভিত্তিতে প্রশাসনের তরফে অবশ্য কোনও আনুষ্ঠানিক মন্তব্য মেলেনি।







