হরিশ্চন্দ্রপুর: উৎসবের মরশুমে নিষিদ্ধ বাজি পাচার রুখতে তৎপর পুলিশ। মালদহের হরিশ্চন্দ্রপুরের ভালুকায় নাকা তল্লাশি চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি উদ্ধার করল পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে। বাজিগুলির আনুমানিক বাজারমূল্য দেড় লক্ষ টাকারও বেশি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ভালুকা এলাকায় নাকা তল্লাশি চালানো হয়। সেই সময় একটি পিকআপ ভ্যানে করে নিষিদ্ধ বাজি নিয়ে যাওয়ার পথে তিনজনকে আটক করেন পুলিশকর্মীরা। তল্লাশি চালিয়ে ভ্যান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি।
ধৃতদের নাম রাজকুমার মাঝি (২৫), সুমন সাহা (২৭) এবং ছোটন পাল (২৮)। তিনজনেরই বাড়ি রতুয়া এলাকায় বলে পুলিশ সূত্রে খবর।
উদ্ধার হওয়া বাজি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। উৎসবের মরশুমে নিষিদ্ধ বাজির বিক্রি ও ব্যবহার রুখতে পুলিশের এই অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।







