হরিশ্চন্দ্রপুর: দুর্গাপুজোর মরশুমে অবৈধ মদ পাচার রুখতে পুলিশের অভিযানে বড়সড় সাফল্য। বাংলা-বিহার সীমান্তের কাটিগঙ্গা নাকা চেকপয়েন্টে তল্লাশি চালিয়ে একটি অটো থেকে উদ্ধার হল প্রায় ৭০০ বোতল অবৈধ মদ। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লক্ষ টাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম পাপ্পু সাহা। তাঁর বাড়ি সাদলিচক গ্রাম পঞ্চায়েতের বস্তা এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে কাটিগঙ্গা নাকা চেকপয়েন্টে অভিযান চালায় পুলিশ। সেই সময় একটি অটোতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মদের বোতল উদ্ধার হয়।
শুক্রবার এই ঘটনায় সাংবাদিক বৈঠক করেন চাঁচলের এসডিপিও আফজাল আলী। উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি সুমিত কুমার ঘোষ। ধৃতকে মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
উদ্ধার হওয়া মদ কোথা থেকে আনা হয়েছিল এবং এই পাচারের সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। সীমান্তবর্তী এলাকায় অবৈধ মদ পাচার রুখতে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এসডিপিও।







