রতুয়া, ২৭ সেপ্টেম্বর: আগ্নেয়াস্ত্র ও জীবন্ত গুলিসহ এক তরুণকে গ্রেপ্তার করল রতুয়া থানার সামসী ফাঁড়ির পুলিশ। ধৃতের নাম খালেদুর রহমান ওরফে পিন্টু। তিনি রতুয়া থানার চাঁদমণি-২ গ্রাম পঞ্চায়েতের বালুপুর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বালুপুর এলাকায় অভিযান চালায় সামসী ফাঁড়ির পুলিশ। সেখান থেকেই খালেদুরকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে দুটি ইম্প্রোভাইজড ওয়ান-শাটার আগ্নেয়াস্ত্র এবং চার রাউন্ড জীবন্ত গুলি উদ্ধার হয়। পরে সেগুলি বাজেয়াপ্ত করে পুলিশ।
পুলিশের দাবি, ধৃতের বিরুদ্ধে আগেও অপরাধমূলক মামলার রেকর্ড রয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, সেগুলি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল—তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, সেই বিষয়টিও তদন্ত করে দেখছে পুলিশ।
ধৃতকে আদালতে পেশ করে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে।






