রতুয়া, ২৪ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধারের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল রতুয়া থানার সামসি ফাঁড়ির পুলিশ। ধৃতের নাম বিষ্ণু পাশওয়ান (২৫)। তাঁর বাড়ি সামসি গ্রাম পঞ্চায়েতের রতনপুরে।
পুলিশের দাবি, বুধবার রাতে বিষ্ণুর বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুত থাকার খবর আসে। এরপরই সামসি ফাঁড়ির পুলিশ সেখানে অভিযান চালায়। তল্লাশিতে একটি ওয়ান শাটার পিস্তল-সহ একাধিক ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থল থেকেই বিষ্ণুকে গ্রেফতার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্রগুলি কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল, সেগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং এই ঘটনায় আরও কেউ জড়িত কি না—তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের স্বার্থে ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে বৃহস্পতিবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়।







