চাঁচল, ১৭ সেপ্টেম্বর: চারপাশে তখন ঘুটঘুটে অন্ধকার। জাতীয় সড়কের ধারে ঝোপের মধ্যে নিস্তেজ হয়ে পড়ে ছিলেন এক বৃদ্ধ। অন্ধকারে কার্যত কারও নজরে পড়ার কথাই নয়। কিন্তু পুলিশের গাড়ির হেডলাইটের আলোয় আচমকাই ধরা পড়ে গেল অসহায় সেই শরীর। মুহূর্তেই থেমে গেল পুলিশের গাড়ি। গাড়ি থেকে নেমে নিজেই বৃদ্ধের কাছে ছুটে গেলেন চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা। পুলিশকর্মীদের সাহায্যে তাঁকে উদ্ধার করে নিরাপদে থানায় নিয়ে আসা হল।
বৃহস্পতিবার সন্ধ্যায় হরিশ্চন্দ্রপুরের লক্ষ্মণপুর এলাকায় ঘটে এই ঘটনা। জাতীয় সড়কের ধারে ঝোপের মধ্যে পড়ে থাকা বৃদ্ধকে দেখতে পেয়েই গাড়ি থামান এসডিপিও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া বৃদ্ধের নাম দীনেশ চন্দ্র দাস। বাড়ি চাঁচল থানার বিহার সীমান্ত সংলগ্ন মায়াপুর এলাকায়।
প্রাথমিকভাবে নিজের ঠিকানা জানাতে সক্ষম হন দীনেশবাবু। সেই তথ্যের ভিত্তিতে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ জানতে পারে, কয়েক দিন ধরেই নিখোঁজ ছিলেন তিনি।
দীর্ঘক্ষণ খাবার না পেয়ে দুর্বল হয়ে পড়েছিলেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। থানায় নিয়ে গিয়ে প্রথমে তাঁর খাবারের ব্যবস্থা করা হয়। রুটি ও তরকারি খাওয়ানোর পাশাপাশি পরিবারের হাতে তাঁকে নিরাপদে তুলে দেওয়ার উদ্যোগ নেয় পুলিশ।
আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বের বাইরে গিয়ে বিপন্ন এক বৃদ্ধের পাশে দাঁড়িয়ে পুলিশের এই মানবিক উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে স্থানীয়দের। অন্ধকারে পুলিশের গাড়ির আলোয় শুধু একজন বৃদ্ধকেই খুঁজে পাওয়া যায়নি, যেন তাঁর কাছে পৌঁছে দেওয়া হয়েছে নিরাপত্তা ও আশ্বাসের আলোও।







