রতুয়া, ৬ সেপ্টেম্বর: একসময় নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা মন্দিরটিই ছিল এলাকার মানুষের বিশ্বাস আর আবেগের ঠিকানা। কিন্তু গঙ্গার ভাঙন ধীরে ধীরে সেই ঠিকানাটুকুও কেড়ে নিল। শেষ পর্যন্ত জলের গ্রাসে পুরোপুরি নিমজ্জিত হয়ে গেল মালদহের রতুয়া-১ ব্লকের মুলিরামটোলার শিবমন্দির।
বেশ কয়েক দিন ধরেই ভাঙনের আতঙ্কে ছিল মন্দির-সহ গোটা এলাকা। নদীর ক্রমশ এগিয়ে আসা স্রোতে মন্দিরের পাড় ধসে পড়তে শুরু করেছিল। তখনই আশঙ্কা তৈরি হয়েছিল, আর হয়তো বেশিদিন টিকবে না মন্দিরটি। সেই আশঙ্কাই সত্যি হল রবিবার। নদীর উত্তাল জলে একেবারে হেলে পড়ে মন্দিরটি ডুবে যায়।
মন্দিরটি ঘিরে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের আবেগ ও ধর্মীয় বিশ্বাস ছিল। চোখের সামনে সেই মন্দির নদীতে তলিয়ে যেতে দেখে শোকস্তব্ধ এলাকার মানুষ। ভাঙন শুধু মাটি নয়, এবার যেন মানুষের বিশ্বাসের এক টুকরো স্মৃতিকেও গিলে নিল।







