রতুয়া, ৬ সেপ্টেম্বর: বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুতের অভিযোগে রতুয়া-১ ব্লকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে চাঁদমুনির রসুনগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাঁর বাড়ি থেকে একটি পাইপগান এবং এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
ধৃতের নাম খুরশেদ (৫১)। তাঁর বাড়িতেই আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখার খবর পেয়ে সামসী ফাঁড়ির পুলিশ তল্লাশি চালায়। এসআই অভিষেক ভট্টাচার্যের নেতৃত্বে এএসআই বরুণ দেবনাথ-সহ পুলিশকর্মীরা অভিযানে অংশ নেন।
পুলিশের দাবি, তল্লাশির সময় বাড়ি থেকে একটি লোহার তৈরি পাইপগান এবং একটি জীবন্ত গুলি মেলে। দু’টি সামগ্রীই বাজেয়াপ্ত করা হয়েছে। অস্ত্রটি কোথা থেকে এল এবং কী উদ্দেশ্যে তা রাখা হয়েছিল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পাঠানো হয়েছে।







